
তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের সকালটা ভালো হলেও দ্বিতীয় সেশন ভালো কাটেনি। কম্পাউন্ড নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার আশা থাকলেও শেষ দিকে ছন্দ হারিয়েছে। রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টে (৫৪-৫৬, ৫৮-৫৬, ৫৭-৫৭, ৫৫-৫৮) হেরেছে বাংলাদেশ। নারী কম্পাউন্ড দলের হয়ে খেলেন বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামান।
পদক হাতছাড়া হওয়ায় হতাশ বন্যা আক্তার বলেন, 'আমরা শুরুটা ভালো করলে ম্যাচটা জিততে পারতাম। ইরানের সঙ্গে এই মাঠেই টিম খেলেছিল। ওই ম্যাচে আমি ছিলাম না। তবে হেরেছিলাম। এবার জিততে হবে- এমন লক্ষ্য স্থির করেছিলাম। বাতাস ছিল, কিন্তু তেমন প্রভাব পড়েনি। চাপ ছিল না । মনের মধ্যে আনন্দ কাজ করছিল যে টিম মেটদেরও বলাবলি করছিলাম মেডেল নিব আমরা কিন্তু হয়নি।'
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে শুরুটা ভালো হলেও পরে ছন্দ ধরে রাখতে পারেননি সাগর ইসলাম, রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ভিয়েতনামকে ৬-০ সেট পয়েন্টে (৫৫-৫২, ৫৩-৫২, ৫৬-৫২) উড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দল ৫-৩ সেট পয়েন্টে (৫৩-৫৩, ৫৫-৫৩, ৫৪-৫৯, ৫৪-৫৬) দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে (৫৬-৬০, ৫৭-৫৪, ৫৩-৫৩, ৫৭-৫৬) হারিয়েছে উজবেকিস্তান। তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের চলতি আসরের প্রথম পদকটি পেল তারা। এই ইভেন্টের স্বর্ণ পদকের লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও ভারত।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution