
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১১:৩৯ পি.এম
গঙ্গাচড়ায় জামায়াতের নির্বাচনী শোভাযাত্রায় দুর্ঘটনায় সমর্থক নিহত

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টায় গঙ্গাচড়া উপজেলা মাঠ থেকে প্রায় ২,০০০ থেকে ২,৫০০ মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরসহ রংপুর-১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছিল।
এই সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী আলম মিয়া (৫৮) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। গুরুতর আহত আলম মিয়াকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলম মিয়া রংপুর মহানগরের হাজিরহাট থানাধীন উত্তম হাজিরহাট এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মনসুর আলী। হঠাৎ এই দুর্ঘটনায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী মো. রায়হান সিরাজী দুঃখ প্রকাশ করে বলেন, “আজ আমাদের নির্বাচনী শোভাযাত্রার সময় এক প্রিয় সমর্থক আমাদের কাছ থেকে চলে গেছেন। এটি অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা গভীর শোক প্রকাশ করছি। আলম মিয়ার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর বুড়িরহাট এলাকায় শোভাযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
পরে পারিবারিক কবর স্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution