
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। সেখানে রায় যেটাই হোক, তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাইব্যুনাল কী রায় দেবে তা আমরা কেউ জানি না। কিন্তু যে রায় দেবে, তা কার্যকর হবে। জনগণসহ সবাই এটা মেনে নেবে।’
এ ক্ষেত্রে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। তবে দু’একদিন ধরে দু’এক জায়গায় ঝামেলা হচ্ছে, আশা করি সবার সহযোগিতায় সেটিও ঠিক হয়ে যাবে।
বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি-ফেয়ার (নিরপেক্ষ) ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution