
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৬:৪৬ পি.এম
বোচাগঞ্জে টিবিসিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেবা বিতরণ

দিনাজপুরের বোচাগঞ্জে মানবতার ছোঁয়ায় পালিত হলো থ্যালাসেমিয়া ব্লাড কালেকশন বোচাগঞ্জ (TBCB)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (২৮ নভেম্বর) সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও বিভিন্ন মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় সংগঠনের সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। পরে দরিদ্র, অসহায় ও হাসপাতালের রোগীদের মাঝে উন্নতমানের শুকনো খাবার—ডিম, আপেল, কলা, পাউরুটি ও খেজুর বিতরণ করা হয়। জুম্মার নামাজের পর ‘ক্লিন বোচাগঞ্জ’ অভিযান পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষের মাঝে থ্যালাসেমিয়া রোগ ও রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
ক্লিন অভিযান শেষে এতিম শিশুদের সাথে মধ্যাহ্নভোজ এবং বিকেলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া ব্লাড কালেকশনের প্রতিষ্ঠাতা পরিচালক দেলোয়ার পারভেজ ইমন বলেন, “যদি হই রক্তদাতা, জয় করব মানবতা—দুই বাহকের বিয়ে নয়, থ্যালাসেমিয়ার আছে ভয়।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। গত ছয় বছরে সংগঠনটি স্বেচ্ছায় ১৬ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে বিনামূল্যে মানুষকে দিয়েছে। এছাড়া উপজেলার ৬ ইউনিয়ন ও বিভিন্ন স্কুল-কলেজে লক্ষাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
তিনি জানান, “মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি বিভিন্ন মসজিদ-মাদরাসা, এতিমখানা এবং অসহায় শিক্ষার্থীদের আমরা নিয়মিত সহযোগিতা করে থাকি। বিশেষ করে যারা আর্থিক কারণে লেখাপড়া করতে পারে না, তাদের পাশে দাঁড়াই আমরা, কনফিডেন্স ও সাকসেস কোচিং সেন্টারের দুই পরিচালকের সহযোগিতায়।”
এসময় আরও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়ান বাদশাহ, সদস্য তারেক, শাহজাহান,রুবেল, কাজিম উদ্দীন ও জুলফিকার হোসেনসহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবক।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution