
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বিকেলে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন– উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে পেশ করবেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী এবং গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে। নিয়মিত কার্যক্রম পূর্বের ন্যায় চলবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution