
নিজ বাড়িতে রাতের আধারে নৃশংস এই হত্যাকাণ্ডের পর ময়নাতদন্ত শেষে যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুর্বণা রায়ের লাশ বাড়িতে পৌঁছায়। এরপর বিকেলে তাঁর দান করা চাকলা শ্মশানেই রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে দাহক্রিয়া সম্পন্ন করা হলে আহাজারিতে ভেঙে পড়েন স্বজনেরা।
সোমবার বিকেলে তাঁর দান করা চাকলা শ্মশানে গার্ড অব অনার প্রদান করা হলে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে রহিমাপুর গ্রাম। এই ঘটনায় যোগেশ চন্দ্র রায়ের বড় ছেলের শোভেন চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে গত রবিবার তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুর্বণা রায়। রবিবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে ঢুকে ডাইনিং রুমে যোগেশ রায়ের এবং রান্নাঘরে সুর্বণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
রবিবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সোমবার ময়নাতদন্ত শেষে লাশগুলো গ্রামে পৌঁছালে শোকের আবহ আরও গভীর হয়ে ওঠে। লাশবাহী অ্যাম্বুলেন্স আসতেই একনজর দেখতে বাড়ির আঙিনা ও আশপাশে হাজারো মানুষের ভিড় জমে।
প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান, তাঁর পরিবার প্রায় ৫০ বছর ধরে যোগেশ রায়ের বাড়ির দেখাশোনা করেন। প্রতিদিনের মতো সকালে কাজ করতে গিয়ে ঘরের ভেতর কোনো শব্দ না পেয়ে সন্দেহ হয় তাঁর। পরে আশপাশের লোকজনকে ডেকে বাড়িতে ঢুকে তাদের লাশ দেখতে পান।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন উত্তর রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১৭ সালে তিনি অবসরে যান। তাঁর দুই ছেলে—বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে র্যাবে চাকরি করেন, ছোট ছেলে রাজেশ খান্না ঢাকার পুলিশে কর্মরত। নিজেরা গ্রামের বাড়িতে না থাকায় বাবা-মা দুজনই একা থাকতেন।
বড় ছেলে শোভেন চন্দ্র রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা-মাকে শেষ বয়সে এসে খুন হতে হবে কল্পনাও করিনি। আইনের আশ্রয় নিয়েছি। যারাই জড়িত থাকুক না কেন, কেউ যেন ছাড় না পায়।”
বড় পুত্রবধূ কল্যাণী রানী বারবার মূর্ছা যাচ্ছিলেন। জ্ঞান ফিরলেই বিলাপ করে বলছিলেন, “কি দোষে তাঁদের হত্যা করল? তাঁরা আর কয়দিন বাঁচতেন? খুনিদের বিচার চাই।”
কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, “গ্রামে এরকম ভালো পরিবার নেই বললেই চলে। যোগেশ চন্দ্র রায় অত্যন্ত বিনয়ী ও দানশীল মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোক নেমে এসেছে।”
৭২ ঘণ্টার মধ্যে খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে তারাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেন, “বিজয়ের মাসে এরকম বর্বর হত্যা মেনে নেওয়া যায় না। আমাদের নিজেদের জীবনও এখন অনিরাপদ মনে হচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করলে আন্দোলনে নামতে বাধ্য হব।”
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রীকে হত্যা করার ঘটনায় তাঁদের বড় ছেলে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় বিদায় জানানো হয়েছে। ”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution