
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রংপুরের মর্ডান মোড়ে অবস্থান করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটক থেকে মিছিল নিয়ে মর্ডান মোড়ে আসেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি চাই ভিসি চাই, বেরোবিতে ভিসি চাই’, ‘দাবি মোদের একটাই বেরোবিতে ভিসি চাই’, ‘সাঈদ ভাইয়ের ক্যাম্পাসে বৈষম্য মানি না’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘মেধাবীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, ক্লাস শুরু না হওয়ায় আমরা পিছিয়ে পড়ছি। ক্যাম্পাস সেশন জট সবেমাত্র মুক্ত হলেও আবারও নতুন করে সেশন জট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা চাই দ্রুত ভিসি নিয়োগ দিয়ে আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হোক।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য আবু সাঈদ লিয়ন ও তারিকুল ইসলাম। কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিয়ন বলেন, বছরের পর বছর ধরে রংপুরের সঙ্গে বৈষম্য করে রংপুরকে পিছিয়ে দেওয়া হয়েছে। এখনই সময় বৈষম্য নিরোষণের। রাষ্ট্র সংস্কারে সকলকেই সুযোগ দিতে হবে। আমরা মনে করি, দ্রুত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের মাধ্যমে বৈষম্য নিরোষণের প্রথম ধাপ শুরু হবে।
এ বিষয়ে রংপুর তাঝহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভিসি নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মর্ডান মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরাও মর্ডান মোড়েই রয়েছি।
প্রসঙ্গত, এর আগে বেরোবি ক্যাম্পাসে ভিসি নিয়োগের দাবিতে দুইবার আল্টিমেটাম দেন বেরোবি শিক্ষার্থীরা এর মধ্যে ভিসি নিয়োগ না হওয়ায় তারা আজ মর্ডান মোড়ে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution