
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৬:৪৯ পি.এম
ঘোড়াঘাটে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের রাজনৈতিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দাবি জানান। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এদিন দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। টানা প্রায় পাঁচ ঘণ্টা সেখানে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution