
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৬:১৮ পি.এম
কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বলাই বেইলিব্রিজ বাজারের সামনে রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার পেছন দিক থেকে ধাক্কা দেয় আবুল কালাম (৫৫) নামের এক কৃষককে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ২১ মিনিটে তিনি মারা যান। নিহত আবুল কালাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভূতছাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
অপর ঘটনায়, একই দিন সন্ধ্যায় উপজেলার জুম্মার পাড় এলাকায় রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি অজ্ঞাতনামা অটোরিকশা বেপরোয়া ও দ্রুতগতিতে এসে আলাল উদ্দিন নামের এক পথচারীকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে আলাল উদ্দিনের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ১১টা ২৫ মিনিটে তিনি মারা যান। নিহত আলাল উদ্দিন উপজেলার শিবু কুন্ঠিরাম গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনরা অজ্ঞাতনামা গাড়িচালকদের বিরুদ্ধে থানায় পৃথকভাবে এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution