
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি-এর উদ্যোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে। এতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দৈনিক আজকালের খবর ও দৈনিক সকালের বাণী-এর ফুলছড়ি উপজেলা প্রতিনিধি এবং ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাকিল আহম্মেদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘সমৃদ্ধি উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫’-এ তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রবীণ ব্যক্তি হিসেবে উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন সরকার, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আলমগীর হোসেন আলম, খেলাধুলায় বিশেষ অবদানের জন্য জহুরুল ইসলাম এবং শিল্পকলায় বিশেষ অবদানের জন্য রাজু আহম্মেদ-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ প্রবীণ, যুব (পুরুষ ও নারী), কিশোর-কিশোরী ক্লাবের মেন্টর এবং শ্রেষ্ঠ সন্তান ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতেও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।
এর আগে একইদিন সকালে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে দিনব্যাপী ‘সমৃদ্ধি উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫’-এর উদ্বোধন করা হয়। পরে যুবকদের অংশগ্রহণে আয়োজন করা হয় মিনি ম্যারাথন। এরপর আলোচনাসভায় বক্তরা বলেন,
মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং বাল্যবিবাহ রোধসহ সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে কিশোর-কিশোরী, যুব ও প্রবীণ ক্লাবের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণেত মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution