
আমি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নই, আমি জনগণের” এমন স্পষ্ট ও দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন দিনাজপুরের খানসামা থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সর্দার। দৈনিক সকালের বাণী এর প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ওসি আব্দুল বাছেত সর্দার বলেন, অপরাধ ও অপরাধীর সঙ্গে আপোশ করার কোনো প্রশ্নই ওঠে না। যে অপরাধীই হোক ক্ষমতাবান, প্রভাবশালী কিংবা অতি আপনজন হলেও অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, “খানসামা উপজেলায় কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদককারবারি কিংবা যেকোনো অপরাধচক্রের সঙ্গে যারা জড়িত এবং যারা এসব অপরাধের নেতৃত্ব দেবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনের চোখে সবাই সমান।” নিজের দায়িত্ব ও অবস্থান পরিষ্কার করে ওসি আরও বলেন, তিনি থানাকে জনগণের ন্যায়বিচারের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চান। থানায় এসে যেন সাধারণ মানুষ ভয় নয়, বরং ন্যায্য বিচার ও সেবা পাওয়ার নিশ্চয়তা অনুভব করে এটাই তার মূল লক্ষ্য।
অপরাধ দমনে সর্বস্তরের সহযোগিতা কামনা করে তিনি বলেন, শুধু সাধারণ মানুষ নয়, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি ও জনপ্রতিনিধিদের কাছ থেকেও তিনি ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই আইনশৃঙ্খলা রক্ষায় পাশে দাঁড়ালে অপরাধ দমন আরও কার্যকর হবে বলে তিনি মনে করেন।
গণমাধ্যমকর্মীদের ভূমিকা প্রসঙ্গে ওসি আব্দুল বাছেত সর্দার বলেন, “গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। অপরাধ, অনিয়ম ও অন্যায়ের তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও সত্যভিত্তিক সংবাদ প্রকাশ পুলিশকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। মিথ্যা অভিযোগের বিষয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন, কেউ যেন কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি না করেন। পুলিশ যাচাই-বাছাই করেই ব্যবস্থা নেয়। মিথ্যা তথ্য দিলে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হয় এবং এতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়।
কিশোর অপরাধ রোধে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার আগে ও পরে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সেদিকে অভিভাবকদের অবশ্যই নজর রাখতে হবে। খারাপ সঙ্গই অনেক সময় অপরাধের দিকে ঠেলে দেয়।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে ওসি জানান, খানসামা থানায় যোগদানের পর খুব অল্প সময়ের মধ্যেই মাদকসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি আশ্বাস দেন। সাক্ষাৎকারের শেষাংশে ওসি আব্দুল বাছেত সর্দার বলেন, খানসামাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে পুলিশ, গণমাধ্যম ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution