
গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ছিল মূল আলোচনা। সেখানেই ভোটাভুটিতে সিদ্ধান্ত নেওয়া হয়- বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে। বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। সময়সীমা শেষ হওয়ার প্রায় দুই দিন পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে আইসিসি। এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে ক্রিকবাজ।
বোর্ডের সকল সদস্যদের উদ্দেশে লেখা সেই চিঠিতে সংযোগ উল্লেখ করেছেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলছে না এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি স্বভাবতই বিসিবি সভাপতি ও আইসিসির বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।
ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ক্রিকবাজ জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।
গতকাল (শুক্রবার) দুবাইয়ে আইসিসি বৈঠক করে। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন।
তার আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশের বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়। কিন্তু ওই কমিটি তাদের আপিল খারিজ করে দেয়। আইসিসির সিদ্ধান্তই বহাল থাকে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution