
ভাতাভিত্তিক রাজনীতি নয়, কর্মসংস্থানের মাধ্যমে দেশ গড়ার রাজনীতি চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দিনাজপুর–৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের আফতাব উদ্দিন মোল্লা। শনিবার (৩১ জানুয়ারি) রাতে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফতাব উদ্দিন মোল্লা বলেন, “ভাতা দিয়ে জাতি গড়া যায় না। ভাতার ওপর নির্ভরশীল করে একটি প্রজন্মকে ধ্বংস করা হয়। আমরা ভাতার রাজনীতি নয়, কর্মসংস্থানের রাজনীতি করতে চাই।” তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের ৪ কোটি বেকার যুবকের হাতে ভাতা নয়, কর্মসংস্থানের কার্ড তুলে দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা হবে এবং চাকরি পেতে কাউকে এক পয়সাও ঘুষ দিতে হবে না। “একজন গরিব মানুষ কষ্ট করে তার সন্তানকে গ্রাজুয়েট বা মাস্টার্স করিয়েছে—চাকরির জন্য তার কোনো টাকা লাগবে না,” বলেন তিনি। জামায়াতে ইসলামীর আমীর ডা. শাফিকুর রহমানের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা চাকরি পাওয়ার যোগ্য, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে চাকরির ব্যবস্থা করা হবে। অতীতে চাকরি ও এমপিওভুক্তির নামে অর্থ লেনদেনের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে, চাকরিও দেওয়া হয়নি—এমন বহু নজির রয়েছে।”
যুব উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আফতাব উদ্দিন মোল্লা বলেন, যারা উদ্যোক্তা হতে চায় বা ব্যবসা করতে আগ্রহী, তাদের সহজ শর্তে ব্যাংক ঋণের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি যারা বিদেশে যেতে ইচ্ছুক, তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা ও কাজের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে। তিনি আরও বলেন, “এর মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়বে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।” উপজেলা জামায়াতের আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, উপজেলা জামায়াতের সেক্রেটারী সামিউল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নির্বাচনী জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution