
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী - ৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের ধানের শীষ প্রতীককে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এস এম মামুনুর রশিদ মামুন ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মির্জা শওকত আকবর রওশন মহানামা।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে ধানের শীষ তুলে দিয়ে গণমাধ্যমের সামনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এস এম মামুনুর রশীদ মামুন।
এদিকে, বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী (কাঁঠাল) মির্জা শওকত আকবর রওশন মহানামা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সময় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক ফয়সাল দিদার দিপু ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের বাঙ্গালীপুর এলাকার বাসভবনে ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা। ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর সরকার ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম মামুনুর রশীদ মামুন ও রওশন মহানামা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানিয়ে বক্তব্য বলেন, সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর সরকার, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান ও শফিকুল ইসলাম জনি, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন ও বিএনপি নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন থেকে সরে আসা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মামুন বলেন, ছাত্রজীবন থেকে তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা অবস্থায় করেছেন ছাত্রদলের রাজনীতি। তখন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে বিএনপির জন্য কাজ করে গেছেন।
আসন্ন সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে অভিমানে স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেই, নির্বাচনী প্রচার- প্রচারণাও অব্যাহতভাবে চালিয়েছি।
পরবর্তীতে আত্মোপলব্ধি থেকে অভিমান ভুলে তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তিনি বলেন, দেশের জন্য কার্যকর এবং শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে ঘরের ছেলে ঘরেই ফিরে এসেছি। এখন থেকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকারকে বিজয়ী করতে কাজ করে যাবো। এজন্য তিনি তাঁর সকল কর্মী ও সমর্থককে ধানের শীষের পক্ষে কাজ করারও আহবান জানান।
বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী রওশন মহানামা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে নির্বাচন থেকে সরে গিয়ে ধানের শীষকে সমর্থন এবং বিএনপিতে যোগদান করেছি। এখন থেকে বিএনপির সঙ্গে থেকে দলের সব সাংগঠনিক কর্মকান্ডে অংশ নিবেন বলে জানান তিনি।
এদিকে, দুই প্রার্থীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা দলে যোগ দেওয়ায় বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের পক্ষে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, তাদের এই যোগদানের ফলে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হলো বিএনপি। আগামি সংসদ নির্বাচনে সৈয়দপুর ও কিশোরগঞ্জবাসী ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution