
সময়ের সবচেয়ে ব্যস্ততম নাট্যাভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সঙ্গে সময় কাটান প্রাণীকুলের সঙ্গেও। সেসব সামলে আসছে ভালোবাসা দিবসে ভক্তদের জন্য তৈরি করলেন নতুন উপহার। গাইলেন গান। না না। এবারই প্রথম নন। আগেও দু’বার গেয়েছিলেন। প্রথমবার ‘পরাণ পাখি’ নামের একটি নাটকের জন্য, পরেরবার ‘ইত্যাদি’র জন্য। গান দুটো শুনে তো ভক্ত-সমালোচকদের চোখ ছানাবড়া! কারণ, অভিনয়ের মতো রিনিঝিনি গেয়ে কণ্ঠেও তিনি প্রমাণ করেছেন নিজেকে। সেও বছর তিনেক আগের খবর।
তখনই জানা গিয়েছিলো, ছোটবেলা থেকেই নাচে ও গানে ভীষণ পারদর্শী হিমি। যদিও বড়বেলায় অভিনয়ের চাপে সেদিকে আর পা ফেলার ফুরসত হয়নি নায়িকার। আশার কথা, আগের দু’বার অন্যদের আগ্রহে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গাইলেও এবার তিনি গেয়েছেন বেশ আগ্রহ আর পরিকল্পনা করে নিজের জন্য। কারণ, এবারই প্রথম, গানের জন্য গানটি গাওয়া। সে হিসেবে এটি হিমির প্রথম সিঙ্গেলস বা স্বাধীন গান। এতে তার সহশিল্পী নতুন কণ্ঠ রাফি। গেয়েই থামেননি, বন্ধুতুল্য সহকর্মী তৌসিফ মাহবুবকে পাশে দাঁড় করিয়ে বানিয়ে ফেললেন ঝলমলে এক প্রেমময় ভিডিও। তার আগে গানের তথ্য শেয়ার করা যাক। গানটির নাম ‘দুজন দুজনার’। কবির বকুলের কথায় সুর করেছেন পুলক অধিকারী। হিমি-তৌসিফকে নিয়ে ভিডিওটি বানিয়েছেন সৈকত রেজা।
গানচিত্রটি প্রসঙ্গে কবির বকুল বাংলা ট্রিবিউনকে বলেন, এটা হিমির গাওয়া তৃতীয় আর ওর জন্য আমার লেখা দ্বিতীয় গান। তার কণ্ঠ বেশ ভালো। নিয়মিত গাইলে ভালো করতো। তবে মাঝে মাঝে যে গাইছে, সেটাও শ্রোতাদের জন্য ভালো পাওয়া। বিশেষ করে এই গানটি সত্যিই আলাদা কিছু হয়েছে বলে আমরা বিশ্বাস করি। অডিও আর ভিডিও মিলিয়ে একেবারে ভালোবাসা দিবসের থিম সংয়ের মতো। আশা করছি সবাই পছন্দ করবেন। এই গীতিকবি জানান, গানচিত্রটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে সাউন্ডটেক-এর ব্যানারে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution