
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৭:৪১ পি.এম
রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট কারচুপি ও নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পীরগাছা উপজেলা বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের বরাবর স্মারকলিপি প্রদান শেষে ইউনিয়ন পরিষদ মোড়ে সমাবেশের আয়োজন করে দলটি।
সমাবেশে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা অভিযোগ করে বলেন, 'রংপুর জেলায় ইঞ্জিনিয়ারিং করে ৬টি সিটে বিএনপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর-৪ আসনে আমাদের প্রার্থীর জয় সুনিশ্চিত থাকলেও ডিসির নেতৃত্বে সুকৌশলে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।' তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে ভোট পুনর্গণনা করতে হবে। এর ব্যত্যয় হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আমিনুল ইসলাম রাঙা বলেন, 'যতক্ষণ পর্যন্ত বর্তমান সরকার এই ডিসিকে অপসারণ করবে না এবং ভোট পুনর্গণনার ব্যবস্থা নেবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো।'
সংখ্যালঘু সম্প্রদায় ও স্থানীয়দের আশ্বস্ত করে রাঙা বলেন, 'পীরগাছার সর্বস্তরের মানুষ ও হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির। ব্যক্তিগত দ্বন্দ্ব বা জমি দখলকে কেন্দ্র করে কেউ যেন রাজনীতির নাম ব্যবহার না করে।'
সমাবেশে রোববার(১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পুনরায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন প্রমুখ।
এর আগে পীরগাছার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রধান সমাবেশে যোগ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, ভোট পুনর্গণনার বিষয়ে আমি একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution