
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৬:৫৯ পি.এম
সৈয়দপুর শহরের মুদি দোকানে চুরি

চোরেরা দোকানের ছাউনির টিন কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে বলে দোকান মালিকের দাবি। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কয়া বাঁশবাড়ী পুলিশ লাইন রোড এলাকায় অবস্থিত আসিফ স্টোর নামের মুদি দোকানটির মালিক মো. একরাম হোসেন (মজনু)।
তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন গত ২০ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাত আনুমানিক একটার দিকে দোকান বন্ধ করে বাঁশবাড়ী পুলিশ লাইন রোডের বাড়িতে চলে যান। পরদিন গতকাল রবিবার সকাল সাড়ে সাতটার দিকে দোকানে এসে সার্টারের তালা খুলে ভেতরে প্রবেশ করতে চাইলে দেখেন ভেতর থেকে আটকানো। এতে তাঁর মনে প্রবল সন্দেহ হয়। পরে তিনি বিকল্প পন্থায় দোকানে প্রবেশ করে দেখতে পান দোকানের ছাউনির টিন খোলা এবং মালামালগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
দোকান মালিক জানান, রাত আনুমানিক দুইটা পর যে কোন সময় অজ্ঞাতনামা চোরেরা দোকানের ছাউনির টিন খুলে ভেতরে ঢুকে সুকৌশলে চুরির ঘটনা ঘটিয়েছে। চোরেরা নগদ প্রায় ৭৫ হাজার টাকা, প্র্রায় এক লাখ ৫০ হাজার টাকার দামি সিগারেট ও আনুমানিক ৩০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
এ চুরির ঘটনায় দোকান মালিক মো. একরাম হোসেন মজনু সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অবিলম্বে চুরির ঘটনায় জড়িত চোরদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা শহরের একটি মুদি দোকান চুরির সত্যতা স্বীকার করেন। তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। চুরির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution