
রংপুরে বিভাগের সকল জেলার জেলাপ্রশাসক, পুলিশ সুপার ও বিভাগীয় অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সভা আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাড়তি লাভের আশায় যাতে অসৎ ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মেশাতে না পারে, এজন্য বাজার তদারকি বাড়াতে হবে। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আগেই সরকার উপকার ভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
খাল খনন ও বৃক্ষ রোপণে সরকারের উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, মানুষের বসবাসযোগ্য সুস্থ পরিবেশ তৈরিতে সরকার ২০ হাজার কিলোমিটার খাল খননের পাশাপাশি পাঁচ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য উপযুক্ত স্থান চিহ্নিতকরণের মাধ্যমে প্রস্তাব প্রেরণে জেলাপ্রশাসনকে আহ্বান জানান। এছাড়াও শহরের পরি
বেশ সুন্দর রাখতে যানজট নিরসনে অবৈধ অটোরিকসা বন্ধসহ ফুটপাতের ভ্রাম্যমান দোকানপাট, ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড অপসারনেরও তাগিদ দেন।মাদক ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার মাদক ও দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যুব সমাজে মাদক যাতে বৃদ্ধি পেতে না পারে, এজন্য মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি বলেন, কোনো প্রকার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতিকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিজিএফ-এর কার্যক্রমে স্বজন-প্রীতি, ওজন ঘাটতি ও নিম্নমানের পণ্য বিতরণ যাতে না হয়, এজন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়াও তিনি রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কৃষকেরা যাতে সরকারের নির্ধারিত মূল্যে সার পান সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে হবে। মন্ত্রী সরকারের ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আলোকে বিভাগের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution