
পবিত্র রমজান মাসে দখলকৃত পশ্চিমতীরে একটি মসজিদে আগুন দেওয়া ও দেওয়ালে বর্ণবাদী স্লোগান লেখার অভিযোগ উঠেছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নামাজ পড়তে এসে মুসল্লিরা মসজিদের দরজায় আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পান। খবর আল-জাজিরার। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নাবলুসের কাছে সাররা ও তাল শহরের মাঝামাঝি অবস্থিত আবু বকর আস-সিদ্দিক মসজিদের দেওয়ালে অবমাননাকর স্লোগান লেখা হয়। মসজিদের প্রবেশপথে আগুন ধরিয়ে দেওয়া হয়, ফলে দরজার কাচ ভেঙে যায় এবং অলংকৃত অংশ কালো হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মুনির রামদান বলেন, দরজা খুলে তিনি বিস্মিত হয়ে পড়েন। তার ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি জ্বালানি ও স্প্রে পেইন্টের ক্যান নিয়ে মসজিদের দিকে যায় এবং কয়েক মিনিট পর দ্রুত পালিয়ে যায়। হামলাকারীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে গ্রাফিতি লেখে এবং ‘প্রতিশোধ’ ও ‘প্রাইস ট্যাগ’ শব্দ ব্যবহার করে, যা দখলদারদের ফিলিস্তিনিদের সম্পত্তির ওপর হামলার ক্ষেত্রে ব্যবহৃত একটি পরিচিত শব্দগুচ্ছ।
জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সারের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হামলায় অন্তত ১ হাজার ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদ গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, পশ্চিমতীরে ইসরায়েলের নীতিমালা ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পরিবেশ তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়, দায়মুক্তির সংস্কৃতিতে দখলদারদের সহিংসতা জোরপূর্বক বাস্তুচ্যুতি ও স্থানান্তরের দিকে ঠেলে দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।
তাল গ্রামের বাসিন্দা সালেম ইশতাইয়েহ বলেন, রমজানে রোজাদার ফিলিস্তিনিদের উদ্দেশ্য করেই এই হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, দখলদাররা কেবল ব্যক্তি নয়, ইসলামী ধর্মবিশ্বাসকে লক্ষ্য করে উসকানি দিচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিম তীরে ৪৫টি মসজিদে ভাঙচুর বা হামলার ঘটনা ঘটেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution