
রংপুরের তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মনজুরুল ইসলাম উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে। সে পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন আলু ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন আলু ক্ষেতে নরম মাটি দেখতে পায় এলাকার লোকজন। পরে সন্দেহ হলে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। এরপর সেখানে থানা পুলিশ গেলে সেই আলু ক্ষেতের নরম জায়গাটি খুঁড়ে মনজুরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করেন।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলু ক্ষেতের পাশে তামাক ক্ষেতে রক্ত ও জুতা দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা জুতা দেখে নিশ্চিত হন। ওই দিন অনেক খোঁজাখুঁজির পরেও মনজুরুল ইসলামের লাশটি পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন মনজুরুল ইসলাম। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরে থানায় ডায়েরি করা হলে তিনদিন পর তার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবার নিশিত করেছে ওই লাশটি মনজুরুলের। আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution