
দিনাজপুরের খানসামায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার আধুনিক হাসপাতালটি উদ্বোধনের চার বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি কোনো চিকিৎসাসেবা। ২০২১ সালের ১৫ নভেম্বর উদ্বোধনের পর থেকে জনবল ও বাজেট সংকটে এটি অচল পড়ে আছে। ফলে কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহারহীন অবস্থায় নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং নিরাপত্তার ঘাটতিতে সরঞ্জাম চুরির ঘটনাও ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘ চার বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকা এই হাসপাতালটি আবারও আলোচনায় এসেছে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া-এর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে। বৃহস্পতিবার তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খানসামাবাসীর উদ্দেশ্যে লেখেন, প্রিয় খানসামাবাসী, খানসামা উপজেলার আত্রাই নদীর তীরে জিয়া সেতু মোড়ে নির্মিত ২০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের মধ্যেই চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে অত্র এলাকার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
এ ঘোষণায় বহুদিন ধরে সেবাবঞ্চিত এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। কারণ, উদ্বোধনের সময় হাসপাতালটিকে ঘিরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা চার বছরেও বাস্তবে রূপ পায়নি। বরং পূর্ণাঙ্গ অবকাঠামো দাঁড়িয়ে থাকলেও জনবল ও কার্যকর উদ্যোগের অভাবে সেটি ব্যবহারহীন পড়ে থেকে স্থানীয়দের কাছে এক ধরনের বেদনার প্রতীক হয়ে উঠেছে। হাসপাতালটি চালু না হওয়া নিয়ে অতীতেও স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবায়নের অগ্রগতি চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে এমপির নতুন আশ্বাস একদিকে আশাবাদের বার্তা দিলেও, অন্যদিকে বাস্তবায়ন নিয়ে প্রশ্নও তুলছে সচেতন মহলে। স্থানীয়দের প্রত্যাশা, ঘোষণাটি যেন আর কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যে সীমাবদ্ধ না থাকে; দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে হাসপাতালটি কার্যকরভাবে চালু করা হোক। অন্যথায় কোটি টাকার এই প্রকল্প কাগুজে উন্নয়নের উদাহরণ হিসেবেই থেকে যাবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution