

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোনে কথোপকথনে এই সমর্থনের কথা জিনিয়েছেন তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাস আরাঘচিকে টেলিফোন বার্তায় ওয়াং ই বলেন, ‘‘চীন ও ইরানের মধ্যকার ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং । ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে, তাতে আমাদের সমর্থন রয়েছে। এ ছাড়া ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে আছে।’’
ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ, উত্তেজনা আর না বাড়ানোর এবং এই সংঘাত যাতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে চীন।
এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোটের সঙ্গে অপর এক ফোনালাপে ওয়াং ই সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আবারও ‘জঙ্গলের আইন’ বা জোর যার মুল্লুক তার অবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, বড় শক্তিগুলো তাদের সামরিক শ্রেষ্ঠত্বের জোরে খেয়াল খুশি মতো অন্য দেশগুলোর ওপর হামলা চালাতে পারে না। ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক পথেই আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution