
নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেছেন, সরকার যদি দেশকে তাবেদারী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করে তাহলে কোন ছাড় দেয়া হবে না। বলেন, আমরা সরকারের ভালো কাজে সহমত এবং দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াত যথাযথ ব্যবস্থা নেবে জনগণকে সাথে নিয়ে।
শনিবার বিকেলে (৭মার্চ) ঐতিহাসিক বদর দিবস ও রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নীলফামারী শহর জামায়াতের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম। শহরের স্কাই ভিউ এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এনসিপির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম বক্তব্য দেন।
সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, আমরা হিংসার রাজনীতি করতে চাই না, দেশ গঠনে কাজ করতে চাই। এজন্য সরকারী দলের সহযোগীতা প্রয়োজন। একই টেবিলে বসে আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই যাতে দুর্নীতি মুক্ত এবং কল্যাণকর রাষ্ট গঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, দেশের মানুষ জামায়াতকে সমর্থন দিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত দিয়েছিলো কিন্তু দেশি বিদেশী চক্রান্তে মধ্যরাতে ফলাফল পাল্টে দেয়া হয়। যার প্রমান আমরা দেখলাম সাবেক এক উপদেষ্টার বক্তব্যে।
বলেন, আমরা জনগনকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে এসেছি। কোন বাঁধা আসলে আমরা প্রতিহত করবো জনগনকে নিয়ে। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী ও এ আর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution