
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরে উৎসবমুখর পরিবেশে নারী ফুটবলারদের নিয়ে ‘ওমেন্স ফুটবল ডে’ উদযাপন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার দুপুরে সদর উপজেলার সদ্যপুস্করিণী মিনি স্টেডিয়ামে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ওমেন্স ফুটবল ডে’র আয়োজন করা হয়। রংপুরের পালিচড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রায় ১৩০ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। ক্লাবের বিভিন্ন বয়সের নারী ফুটবলারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা।
নারী ফুটবলের প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যেই এই আয়োজন। আয়োজনের শুরুতেই বয়সভিত্তিক খেলার উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও হেড অব ডেলিগেশন মঞ্জুর আহমেদ আজাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘রংপুরে প্রমিলা ফুটবলের আতুর ঘর হলো পালিচড়ার সদ্যপুস্করিণী। সেখানে এরকম আয়োজন আমাদের রংপুরকে গর্বিত করেছে। এই আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের প্রমিলা ফুটবল আরো এগিয়ে যাবে। কেননা আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। সেই লক্ষ্য নিয়েই ক্লাব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন একসঙ্গে কাজ করে যাচ্ছে।’
সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সিইও জহির আলম নয়ন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই ক্লাবকে ঘিরে কাজ করে যাচ্ছি। এবারের লিগে আমাদের মেয়েরা ভালো পারফরম্যান্স করেছে। আগামী মৌসুমে আরও আধুনিক ও দক্ষ খেলোয়াড় নিয়ে দল গঠনের চেষ্টা থাকবে।’
সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফুটবল প্রশিক্ষক মিলন মিয়া বলেন, ‘নারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তৃণমূল পর্যায়ের মেয়েদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের আয়োজনটি নারী ফুটবলারদের জন্য একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করেছে।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution