
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘বিরোধী রাজনীতির নামে গতানুগতিক প্রতিবাদ নয়, বরং সংসদে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করতে চান তারা। তিনি বলেন, সরকারের ভালো কাজে আমরা বিরোধিতা করবো না, বরং সহযোগিতা করবো। তবে সরকার যদি জনগণবিরোধী কোনো কাজ করে, তাহলে তার সমালোচনা ও প্রতিবাদ করবো। এটাই হবে আমাদের মূল নীতি।
গতকাল শুক্রবার বিকেলে বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা এলাকায় তার বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রোস্তম আলী, উপজেলা আমীর কামরুজ্জামান কবীর এবং সেক্রেটারি জেনারেল মেনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমপি আজহারুল ইসলাম বলেন, বিগত ২০০৮ সালের পর জনগণের প্রত্যক্ষ ভোটে তারা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। তাই অযথা বিরোধিতার পরিবর্তে সংসদে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখাই হবে তাদের লক্ষ্য।
রাষ্ট্রপতি প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালে দেশে সংঘটিত গণহত্যার ঘটনায় রাষ্ট্রপতির কার্যকর ভূমিকা ছিল না। এ বিষয়ে সংসদে প্রতিবাদ জানিয়ে তারা ওয়াকআউট করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সংসদের শোক প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি জুলাই আন্দোলনের সকল যোদ্ধা ও শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এমপি আজহারুল ইসলাম বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের তিনটি মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারতো। কিন্তু জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও পরিবর্তনের ফলে আজ আমি মুক্ত হয়ে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার প্রতিই আমার কৃতজ্ঞতা। আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থেকে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে রংপুর-২ আসন থেকে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন এটিএম আজহারুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution