
রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক আমার দেশের পীরগাছা প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদ বাবুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় পীরগাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।গত শনিবার সন্ধ্যায় উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রশাসক বিজয় কুমার রায়ের গত ৫ মার্চের স্বাক্ষরিত একটি রেজুলেশনের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই রেজুলেশনে প্রশাসকের নিজের জন্য ৩৭৭টি এবং ‘দলীয় গণ্যমান্য ব্যক্তিদের’ জন্য ১২০০টি কার্ড বরাদ্দের উল্লেখ রয়েছে বলে জানা যায়। অথচ স্থানীয় শল্লার বিল আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারী হতদরিদ্র পরিবারগুলোর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে রোববার সকাল ১০টার দিকে কার্ডের দাবিতে বঞ্চিত হতদরিদ্র পরিবারগুলো ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিক হারুন অর রশিদ বাবুর সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান দলবলসহ অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে ক্যামেরা ভেঙে ফেলারও হুমকি দেয়া হয়।
পীরগাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়, একজন সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করেন তখন তার সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কিংবা অসৌজন্যমূলক আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতা অন্যরা হলেন পীরগাছা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন, কার্যকরী সদস্য আসাদুজ্জামান মানিক ও মাসুদ রানা। তারা সবাই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution