
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর নামক স্থানে গতকাল রবিবার ভোরে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ ধাক্কা দিলে কোচের দুই যাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হেরিটেজ নামের একটি যাত্রীবাহী কোচ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচের বাম অংশ দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় কোচ চালকের সহকারী ও এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৬ জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম মোশাররফ হোসেন বাবু (৫৭)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবির উদ্দিনের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, দূর্ঘটনা কবলিত কোচ ও বালুবাহী ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর কোচের চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution