
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক সজোওে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালকের সহকারী নিহত ও চালক আহত হয়েছেন। গত রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন চন্দ্র দাস (২৬) নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০) নিহতের দুলাভাই বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার সময় পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। পরে সেটি সড়কের পাশে রেখে মেরামতের কাজ চলছিল।
এ সময় বগুড়ার দিকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় চলন্ত ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকের সহকারী কেবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে দুমড়ে-মুচড়ে যাওয়া কেবিন থেকে সহকারীর মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত উভয় ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution