
পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলায় বাড়ির মালিককে আহত করে নগদ অর্থ লুট ও বাড়িঘরের ক্ষতি সাধনসহ মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী লাভলী বেগম। শুক্রবার বিকেল ৫ টায় ওই ভুক্তভোগী নারী সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে বলেন, আমি গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর খোলাহাটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। আমার সাথে একই গ্রামের মো মমতাজ হোসেনের পুত্র মো মুরাদ মিয়া গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে শত্রুতা চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মুরাদ ও তার আত্মীয়স্বজনরা আমাকে মারপিট করে আহত করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় মারপিটের বিষয়টি আপোশ মীমাংসা আলোচনা চলাবস্থায় গত ২৮ মার্চ ২০২৬ ইং তারিখে সকাল ১০ টার সময় পুনরায় মুরাদ এর নেতৃত্বে মাজেদ মিয়া, তিতাস মিয়া, মহিউল্লাহ, সৌরভ মিয়া ও মমতাজ হোসেনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ করতে থাকে।
এসময় বাধা নিষেধ করলে মুরাদের নির্দেশে কয়েকজন সন্ত্রাসী আমাকে এলোপাতাড়ি মারডাং করে ও পড়নের কাপড় টানাহেঁচরা করে শ্লীলতাহানি ঘটায়। অন্য ৫/৬ জন আমার বসতবাড়ি ভাঙচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে ঘরের ভিতরে শোকেসে রক্ষিত নগদ ৬৫ হাজার টাকা এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকার স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আমি গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করায় মুরাদ গংরা ক্ষিপ্ত হয়ে আমাকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। আমাকেসহ পরিবারের সদস্যদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দায়ের করে তারা। ওই মিথ্যা মামলা প্রত্যাহারসহ পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী লাভলী বেগম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ছেলে সিরাত হাসান লাবন, বোন মেহজাবিনসহ আত্মীয় স্বজনরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution