
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন পেট্রোলপাম্পে কাগজপত্র ছাড়াই তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সুযোগ নিচ্ছে অসাধু চক্র, আর প্রকৃত মোটরসাইকেল চালকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। সম্প্রতি তেল সংকট মোকাবিলায় দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়-হেলমেট, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল দেওয়া যাবে না।
তবে বাস্তবে এ নির্দেশনা উপেক্ষা করা হচ্ছে। কাগজপত্র ছাড়াই নির্বিঘ্নে তেল নিচ্ছেন অনেকে, যা পরে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ষাটোর্ধ্ব মোটরসাইকেল চালক রিয়াজুর রহমানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, তারা ৩-৪ ঘণ্টা নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে রোদে পুড়েও অনেক সময় তেল পাচ্ছেন না।
অথচ কিছু উঠতি বয়সের ছেলেসহ অসাধু ব্যক্তিরা একাধিকবার তেল সংগ্রহ করে মজুদ করছেন এবং চড়া দামে বিক্রি করছেন। এতে প্রকৃত চালকেরা বঞ্চিত হচ্ছেন এবং কৃত্রিম সংকট আরও বাড়ছে। একাধিক সচেতন নাগরিক জানান, প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন না হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে না।
পাম্পগুলোতে তদারকি জোরদার এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, “হেলমেট ও কাগজপত্র ছাড়া যাতে কেউ তেল না পায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। অসৎ উপায়ে কেউ তেল বিক্রি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution