

কুড়িগ্রামের রাজারহাটে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জমিলা বেগম (৬৭) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট বাজারের অদূরে বিলুপ্ত শরীফ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ সওদাগর পাড়ার খড়িয়া মামুদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জমিলা বেগম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে রাজারহাট বাজারের দিকে আসছিলেন। এসময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস (আপ-৭৯৭) ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন, তবে পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেননি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution