
বাংলা নববর্ষ ঘিরে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠতে যাচ্ছে রাজধানী ঢাকা। পহেলা বৈশাখকে সামনে রেখে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে একাধিক কনসার্ট, যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো।
অ্যাসেন ও রিশকা কানেক্টসের উদ্যোগে বনানীর কামাল আতাতুর্ক পার্কে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’ শীর্ষক দুই দিনব্যাপী কনসার্ট। আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। পাশাপাশি থাকছে আরো কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা।
এ ছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একাধিক কনসার্টেও অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকবে ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় মৌলিক গান। জানা গেছে, ১৪ এপ্রিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় পারফর্ম করবে চিরকুট। একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়েও মঞ্চে উঠবে ব্যান্ডটি। পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে তারা।
ব্যান্ডটির ভোকালিস্ট শারমীন সুলতানা সুমি বলেন, তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। সব মিলিয়ে পহেলা বৈশাখে গান, উৎসব আর তারুণ্যের উচ্ছ্বাসে জমে উঠবে রাজধানী ঢাকা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution