
সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন রুবেল হোসেন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। লম্বা সময় দলের বাইরে থাকা এই পেসার এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল। ফেসবুকে তিনি লেখেন, 'আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন রুবেল। এ প্রসঙ্গে তিনি বলেন, 'তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।' পুরো ক্যারিয়ারে পরিবার, গণমাধ্যমকর্মী ও ভক্তদের থেকে অনেক ভালোবাসা পেয়েছেন রুবেল। তাই বিদায় বেলায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই পেসার, 'আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।' বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট খেলেছেন রুবেল। ৪৪ ইনিংসে বোলিং করে তিনি শিকার করেছেন ৩৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ইনিংসে ১৬৬ রানে ৫ উইকেট, আর ম্যাচে ২১০ রানে ৫ উইকেট। টেস্টে ফাইফার পেয়েছেন একবার। তার বোলিং গড় প্রায় ৭৭ এবং স্ট্রাইকরেট ১১৭।
টেস্টের চেয়ে রঙিন পোশাকে রুবেলের পারফরম্যান্স ভালো ছিল। ১০৪ ওয়ানডে খেলে ১০২ ইনিংসে বোলিং করে ১২৯ উইকেট পেয়েছেন তিনি। তার বোলিং গড় প্রায় ৩৪, ইকোনোমি ৫.৬৭ এবং স্ট্রাইকরেট ৩৬.২। এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ২৮ উইকেট। যেখানে ওভার প্রতি তিনি রান খরচ করেছেন ৯.৪৫। তার সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution