
রংপুর মহানগরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন এলাকায় অবৈধভাবে বালু মাটি উত্তোলন করে পরিবহণের ঘটনায় দুইটি ট্রাক্টর (কাঁকড়া গাড়ি) জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ বাদী হয়ে বালু মহল আইনের ধারায় বালু উত্তোলন চক্রের তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের নামে মামলা করেছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই রহুল আমিন জানান, উপজেলার হারাগাছ পৌর এলাকায় চরাঞ্চলে শাখারীপাড়ায় প্রশাসনের অনুমতি না নিয়ে আবাদি জমি থেকে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর (কাঁকড়া গাড়িতে) পরিবহের মাধ্যমে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেলে ওসি স্যারের সার্বিক তত্ত্বাবধানে তিনিসহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছিলে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা বালু বোঝাই ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বালু বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অশোক চৌহান জানান, একটি অসাধু চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। পরিবেশ রক্ষায় এবং ফসলি জমির ক্ষতির আশঙ্কা রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের টিম অভিযান চালিয়ে দুইটি ট্রাক্টর জব্দ করেছে।
ওসি বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে আবাদি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে হারাগাছ পৌর এলাকার বাংলাবাজার এলাকার অসাধু বালু ব্যবসায়ী বাবু মিয়া (৪৬), টশারবাজার মধ্য ঠাকুরদাশ গ্রামের ট্রাক্টর চালক সাদ্দাম হোসেন (২৫), মেনাজবাজার গাছবাড়ির ট্রাক্টর চালক আশিক (২২) ও অজ্ঞাত দশজনসহ তের জনের বিরুদ্ধে বালু মহল আইনে ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution