

উত্তরের নদীবেষ্টিত গাইবান্ধা জেলার চরাঞ্চলের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। দুর্গম চর এলাকা থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হওয়া পরিক্ষার্থীদের কথা বিবেচনা করে চালু করা হয়েছে বিনামূল্যে নৌকা সেবা।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নির্দিষ্ট নৌকায় চরাঞ্চল থেকে শিক্ষার্থীদের পারাপারের এই উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মোল্লার নির্দেশনায়। ফলে নদীপথের দীর্ঘ ভোগান্তি পেরিয়ে সময়মতো কেন্দ্রে পৌঁছানো এখন অনেকটাই সহজ হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য।
মঙ্গলবার সকালে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদারা খেয়াঘাটে বিনামূল্যে নৌকা সেবার উদ্ভোধন করেন এবং পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল খায়ের, ইউপি সদস্য বকুল মিয়া এবং চিকির পটল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওয়ায়েস কুরুনি।
এ উদ্যোগে খুশি শিক্ষার্থী এবং স্থানীয়রা৷ জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে চরাঞ্চলের বিপুলসংখ্যক পরীক্ষার্থী এবারের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিদিন নদী পার হয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। আর পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে ফুলছড়ি উপজেলা এবং সাঘাটা উপজেলায় বিনামূল্যে নৌকা সেবা চালু করা হয়।
এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জানায়, “চর থেকে পরীক্ষা দিতে আসতে অনেক কষ্ট হতো। নৌকা না পেলে সময়মতো কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে যেত। এখন ফ্রি নৌকার ব্যবস্থা করায় আমরা নির্ভয়ে এবং সময়মতো পরীক্ষা দিতে পারব।” এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রাও। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে এবং ঝরে পড়া কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “চরাঞ্চলের পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রি নৌকার ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।”
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মোল্লা বলেন, গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে বিনামূল্যে নৌকা সেবার ব্যবস্থা করা হয়েছে। যাতে পরীক্ষার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে মুল ভূখন্ডে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution