

দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়াই প্রায় দেড় হাজার লিটার পেট্রোল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট পৌরসভার সাধনা ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের নির্ধারিত বিধি অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির অনুমতি না থাকলেও সংশ্লিষ্ট স্টেশনটি সেই নিয়ম অমান্য করে আসছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে বিক্রির রেজিস্টার খাতা যাচাই-বাছাই করে। এতে ফুয়েল কার্ড ছাড়া প্রায় দেড় হাজার লিটার পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় স্টেশনটির দায়িত্বরত কর্মকর্তা আল মামুন অনিয়মের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution