
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:৩৮ পি.এম
ফুলবাড়ীতে সাবেক স্বামীকে তুলে নিয়ে যাওয়ার সময় নারী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় সাবেক স্বামীকে নিতে গিয়ে এক নারীকে আটক করা এবং একটি মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সন্ধ্যায় এক নারী ভাড়া করা মাইক্রোবাসে করে তার সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
হামলার সময় মাইক্রোবাসের চালকসহ তিনজন আহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। পরে ভোর ৪টার দিকে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা টাংরাপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার জুই (২৪) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৬) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। পরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
প্রতিবেশী এমদাদুল হক জানান, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা ঢাকায় গিয়ে বিয়ে করেন। শুরুতে ছেলের পরিবার বিষয়টি জানত না। পরে বিষয়টি জানাজানি হলে পরিবার থেকে আপত্তি ওঠে এবং একপর্যায়ে ছেলে ও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
তালাকের পরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। ওই নারী তার সাবেক স্বামীকে ভালোবাসতেন এবং তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদেরকে আটক করে এবং পরবর্তীতে মাইক্রোবাসে হামলা চালায়।
এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সামছুদ্দিন ব্যাপারী বাবলা বলেন, বিবাহবিচ্ছেদের পর কিছু ব্যক্তির সহায়তায় ওই নারী সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে তারা তাদের আটক করে এবং মাইক্রোবাস ভাঙচুর করে।
সাবেক স্বামী নজরুল ইসলাম ও জেসমিন আক্তার জুঁই এর মোবাইল নাম্বার বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution