

সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে শিশু সুরক্ষা, শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে আচরণগত পরিবর্তন বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসায় এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (World Vision Bangladesh) এর পরিবর্তন (Poriborton Change) প্রকল্প।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিবর্তন প্রকল্পের প্রজেক্ট অফিসার রেখা খাতুনের সঞ্চলনায় কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদ এবং কঞ্চিপাড়া ইউনিয়নের কাজী আমজাদ হোসেন।
সভায় বক্তরা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমকে সচেতনতার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় স্থানীয় স্টেকহোল্ডার, কমিউনিটি লিডার, অভিভাবক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষ পর্যায়ে স্থানীয় স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় দুখু মিয়াকে সম্মাননা হিসেবে পুরষ্কার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution