
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৭:৪৯ পি.এম
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন শেষে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় অ্যাক্টিভিস্টার আয়োজনে মঙ্গলবার দুপুরে অফিসার্স ক্লাবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় আয়োজিত সংলাপে ইমাম, পুরোহিত, হিন্দু-মুসলিম ঐক্য পরিষদ ও সামাজিক সম্প্রীতি কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংলাপে ফুলবাড়ী উপজেলায় সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—অনলাইন জুয়া, মাদকাসক্তি, জেন্ডার বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা, পারিবারিক কলহ, রাজনৈতিক মতবিরোধ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, বয়স্ক বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার এবং অনলাইন হয়রানি। এসব বিষয়ে অ্যাক্টিভিস্টা সদস্যরা বিস্তারিত উপস্থাপনা করেন।
আলোচনায় অংশ নিয়ে পুরোহিত, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার। তিনি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চা, শান্তি কমিটি গঠন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ভুয়া তথ্য সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এছাড়াও সংলাপে প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution