
নীলফামারীর সৈয়দপুরে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রির দায়ে এক ফল আড়ত মালিকের এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীনের উপস্থিতিতে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড সংলগ্ন এলাকার ফল আড়তে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফল আড়তের মিতু ফল ভান্ডার নামের একটি ফলের আড়তে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রি করতে দেখা যায়।
এ সময় এ সব আম আমদানি বা বিক্রির কোন রশিদ সংরক্ষণ না করায় দায়ে ফল আড়ত মালিককে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর ৩৮ ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। একই সঙ্গে আড়ত মালিককে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন।
এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ অফিসার এস এম আরেফিন বিন-আমীন ও থানার পুলিশ সদস্যরা সহযোগিতা দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution