
নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকানের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টায় সৈয়দপুর শহরের উপকন্ঠে কয়া মিস্ত্রিপাড়ায় বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড়ে ওই আগুনের ঘটনাটি ঘটেছে। এতে প্রায় সাত লাখ টাকার ঝুট কাপড়সহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
জানা গেছে, ঘটনার দিন গত সোমবার রাতে শহরের দিনাজপুর - রংপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড়ে ব্যাটারিচালিত অটোরিক্সা মেকার মো. আলমের দোকানের অক্সিজেন গ্যাস সিলিন্ডার থেকে প্রথমে আগুন সূত্রপাত ঘটে। আর গ্যাস সিলিন্ডারের ভয়াবহ এই আগুনের লেলিহান শিখা মুর্হুতের মধ্যে পাশে থাকা দুলাল মেকার, মজিদের মুরগীর দোকান, বাবলুর হোটেল ও শরিফুল ইসলামের ঝুট কাপড়ের দোকানসহ ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত অগ্নিকান্ডস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই উল্লিখিত দোকানগুলোতে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনের তীব্রতার কারণে দোকানগুলোতে থাকা কোনো মালামালই বাঁচানো সম্ভব হয়নি। আগুনে দোকানগুলোর আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু হাসেম জানান, আগুনের খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ যায়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution