
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৮:০৫ পি.এম
ফুলবাড়ী সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি সুত্রে জানা গেছে, একদল চোরাকারবারী অবৈধভাবে ভারতীয় প্যান্ট পিসের একটি বড় চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার চেষ্টা করছে।
এমন এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঘাঘলা বাজার এলাকায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত একটি বিজিবির বিশেষ টিম অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ব্যাটারিচালিত অটোভ্যানে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। এ সময় চোরাকারবারীরা ভ্যান ও মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution