
টেস্ট চ্যাম্পিয়নশিপে আসলে টিম বাংলাদেশের লক্ষ্য কী? শেষ পর্যন্ত কত নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় নাজমুল হোসেন শান্তর দল? গতকাল ৭মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে বসে এ প্রশ্নের জবাব দিতে গিয়ে টাইগার ক্যাপ্টেন নাজমুল জানিয়ে দিলেন, তার আসল টার্গেট হলো, টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বরে থাকা। প্রশ্ন ছিল, পাকিস্তান যখন ৬ নম্বরে, তখন তাদের অধিনায়ক শান মাসুদ চেয়েছিলেন ফাইনাল খেলতে। এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আছে ৭ নম্বরে। সে আলোকে টাইগারদের লক্ষ্য কী? কত নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চান? এ প্রশ্নের জবাবে নাজমুল হোসেন শান্ত অনেক কথার ভিড়ে জানিয়ে দিলেন, চার থেকে পাঁচ নম্বরে শেষ করতে পারলে তার খুব ভালো লাগবে। টাইগার অধিনায়কের ব্যাখ্যা, ‘আমার মনে হয় গত দুই বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি।’
এটুকু বলে প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আরও জানান, ‘যেটা আপনি বললেন যে সাত নম্বরে শেষ করেছি। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। এই জায়গাটাতে ইমপ্রুভ হচ্ছে, যেটা এর আগে আগের সাইকেলগুলোতে হয়নি। এ বছর টার্গেট থাকবে, আমার মনে হয় যে তার থেকে আর একটু যদি বেটার পারফর্ম করতে পারি, চার-পাঁচের মধ্যে যদি শেষ করতে পারি, খুবই ভালো লাগবে।’
তবে সেটা খুব সহজ হবে না, তা ভালোই জানেন শান্ত। সামনে কিছু চ্যালেঞ্জিং ট্যুর আছে। তা জানিয়ে বলে ওঠেন, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে।’ এর মধ্যে প্রথমেই বলে বসেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কথা। ‘যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আছে।’ তবে টাইগার টেস্ট ক্যাপ্টেন মনে করেন, ঘরের মাঠেও ওই দুই কন্ডিশনের সঙ্গে মিল রেখে অনুশীলন করে ও খেলে প্রস্তুতিটা ভালো করে নেওয়া সম্ভব।
তার ব্যাখ্যায় নাজমুল শান্ত বলেন, ‘আমার মনে হয়, যে সিরিজগুলো আমরা হোমে খেলব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব, বিশেষ করে উইকেটের ক্ষেত্রে; কিন্তু এখন যেটা আমি একটু আগে বললাম, টিমটা খুব ব্যালান্সড। পেস বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটার। সুতরাং এই জায়গা থেকে আমাদের জন্য খুবই সহজ হবে আসলে কী ধরনের উইকেট বা কী ধরনের কন্ডিশনে খেললে আমাদের জন্য ভালো। তাই কন্ডিশনের দিকটা চিন্তা করলে আমাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি।’
প্রসঙ্গতঃ ২০১৯ সাল থেকে দুই বছর মেয়াদি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। ২০১৯-২০২১ সাইকেলে ৭ টেস্ট খেলে ২০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল শেষ তথা ৯ নম্বরে। ২০২১-২০২৩ সাইকেলে ১২ টেস্ট খেলে ১৬ পয়েন্ট নিয়ে যথারীতি বাংলাদেশের অবস্থান সবার শেষে, তথা ৯ নম্বরে। এরপর সর্বশেষ ২০২৩-২৫ সাইকেলে বাংলাদেশ খেলেছে ১২ টেস্ট। ৪৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মত অবস্থানের উন্নতি ঘটিয়েছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে উঠে এসেছিল ৭ নম্বরে। ২০২৫-২৭ সাইকেলে এখনও পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২ টেস্ট। ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৮ম স্থানে। পাকিস্তানের বিপক্ষে এবারের দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সিরিজ জিতলে পয়েন্টের উন্নতি হবে এবং তাতে অধিনায়ক শান্তর কাঙ্খিত ৪ কিংবা ৫-এ উঠেও আসতে পারে টাইগাররা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution