
বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রজন্মের এক উজ্জ্বল তারকা দ্রুত নিজের জায়গা করে নিচ্ছেন। নাহিদ রানা, যিনি পেস বোলিংয়ের দুর্দান্ত প্রতিভা হিসেবে সবার নজর কেড়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য পাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার আইসিসি পুরুষ ক্রিকেটার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই তরুণ পেসার। এপ্রিল মাসের জন্য আইসিসির মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের একজন নাহিদ রানা। তার সঙ্গে রয়েছেন ওমানের অধিনায়ক ও ব্যাটসম্যান জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমার।
নাহিদের এই সাফল্য মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে। মাত্র তিন ম্যাচে তিনি শিকার করেছেন ৮ উইকেট। তার বোলিং গড় ১৬.৭৫ এবং ইকোনমি রেট মাত্র ৪.৪৬। নতুন বলে চাপ সৃষ্টি, মাঝের ওভারে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়া এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সবসময় অস্বস্তিতে রাখার কাজটা করেছেন অসাধারণ দক্ষতায়। সিরিজের সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স দেখিয়েছেন মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে। সেখানে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়ে ৫ উইকেট নিয়েছেন মাত্র ৩২ রানে। প্রথম ম্যাচে ১টি এবং তৃতীয় ম্যাচে ২টি উইকেট নিয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি।
তার এই পারফরম্যান্সই বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে। পুরো সিরিজে অবদানের জন্য নাহিদ সিরিজসেরার পুরস্কারও জিতে নেন। অন্যদিকে, জতিন্দর সিং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টুতে এপ্রিলে ৫ ওয়ানডেতে ২৬৬ রান করেছেন। গড় ৫৩.২০ এবং স্ট্রাইক রেট ১১৫-এর বেশি। নেপালের বিপক্ষে ৯৬ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংসটি জাতীয় রেকর্ড হিসেবে স্থান পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতেই ঝলক দেখিয়েছেন। প্রথম দুই ওয়ানডেতে ৯ উইকেট নিয়ে চমকে দিয়েছেন তিনি। নেপালের বিপক্ষে ৩ উইকেটের পর ওমানের বিপক্ষে ৬ উইকেট (৩৫ রানে) নিয়ে মনোনয়ন নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution