
ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাদার জীবন এবং লক্ষ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী দানানির মুবিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই উদীয়মান তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভালোবাসার জন্য তিনি কখনোই নিজের ক্যারিয়ারের সঙ্গে আপস করবেন না।
সাক্ষাৎকারে দানানির জানান, এই মুহূর্তে তার মূল লক্ষ্য নিজের কাজ এবং ব্যক্তিগত উন্নয়নের ওপর। তিনি জীবনকে ইতিবাচকভাবে উপভোগ করছেন এবং পেশাদার যাত্রায় পূর্ণ মনোযোগ দিচ্ছেন। সম্পর্কের পেছনে ‘পাগল হওয়ার’ মতো সময় বা মানসিকতা এখন তার নেই। দানানির বলেন, ‘ভালোবাসা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি আমার অগ্রাধিকার নয়।’
তিনি আরও যোগ করেন যে, ভালোবাসা জীবনের একটি অংশ হলেও এটি কখনোই তার ক্যারিয়ার বা জীবনের বড় লক্ষ্যগুলোর উপরে স্থান পাবে না। তার এই বক্তব্য বর্তমান প্রজন্মের বিনোদন কর্মীদের মধ্যে ক্রমবর্ধমান স্বনির্ভরতা ও পেশাদারিত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। নাটকে সহ-অভিনেতাদের সঙ্গে তার রসায়ন নিয়ে দর্শকদের অতিরিক্ত মাতামাতি নিয়েও কথা বলেন দানানির। তিনি জানান, ভক্তরা যখন গল্পের ভেতরে ডুবে থাকেন, সেটি আনন্দের; কিন্তু অনেক সময় এই প্রতিক্রিয়াগুলো মাত্রা ছাড়িয়ে যায়।
দানানির জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য এবং আলোচনা অনেক সময় তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। বিশেষ করে তার বাবা-মা এসব দেখে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। এই ধরনের মানসিক চাপ মাঝে মধ্যে তাকে পারিবারিক পরিসরেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলে দেয়। সব প্রতিকূলতা ছাপিয়ে দানানির মুবিন এখন তার অভিনয় ক্যারিয়ার ও ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখতেই বেশি আগ্রহী। সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে বরং মানসম্মত কাজের মাধ্যমেই তিনি নিজের অবস্থান শক্ত করতে চান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution