
অন্য মুসলিম দেশগুলোর তুলনায় অনেকটা আগেভাগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো তিন মুসলিম দেশ- তুরস্ক, তিউনিশিয়া ও আফগানিস্তান। এদের মধ্যে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।
দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ঈদ উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।
অন্যদিকে, তুরস্ক কোনো ধরনের খালি চোখে চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে না। দেশটি পুরোপুরি আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালেন্ডার-ভিত্তিক গণনার ওপর নির্ভর করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী তুরস্কও সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়ে একই দিনে (২৭ মে) ঈদের তারিখ নির্ধারণ করেছে।
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও। সেখানেও আগামী ২৭ মে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রোববার (১৭ মে) আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আফগান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় দেশের কোনো প্রদেশ থেকেই জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। ফলে রোববার (১৭ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হবে এবং এর পরদিন ২৭ মে (বুধবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ইসলাম ধর্মের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন মুসলিমরা। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই উৎসবটি সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতার সঙ্গেই সামঞ্জস্য রেখে উদযাপিত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution