
প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৭:০১ পি.এম
ফুলছড়িতে ঈদের বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুই নৌকা ডুবি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য আনা ভিজিএফের চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দের ৪৬ দশমিক ৮৪ টন ভিজিএফের চাল বুধবার বালাসীঘাটে এনে রাখা হয়।
পরে চালগুলো ইউনিয়নে পৌঁছে দিতে চারটি নৌকায় তোলা হয়।
বৃহস্পতিবার সকালে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে নৌকাগুলো নদীপথে রওনা হওয়ার প্রস্তুতিকালে হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রবল বাতাসে দুটি নৌকা ডুবে যায়। এতে ৪৬৭ বস্তা চাল নদীতে তলিয়ে যায়। যার প্রতি বস্তায় ৫০ কেজি করে ছিল। এসব চালের অনেক বস্তা পানিতে ভিজে ও ফেটে যাওয়ায় চাল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঘটনার পর এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক দিয়ে চাল উদ্ধারের কাজ শুরু করেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন।
সাইদুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য সরকারি ভিজিএফের চাল আনা হয়েছিল। সকালে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে দুটি নৌকা ডুবে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং চাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধারকৃত চাল আগামীকাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution