
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার কাঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে তামিম (১৩) ও সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)।
তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। গতকাল ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, দুপুরে চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তামিম ও সাদমান গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে অনেক খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামজুড়ে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এলাকাজুড়েও বিরাজ করছে শোকের ছায়া।
স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, দুই ছেলেই খুব শান্ত ও ভদ্র ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা রায়হান বলেন, একসঙ্গে খেলাধুলা করত তারা। দুপুরে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি। চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন এ হৃদয় বিদারক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution