
প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ৬:৫৭ পি.এম
পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার

পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার লুৎফর রহমান (৫৫) পীরগাছা সদর ইউনিয়নের তালুক ঈশাদ (শটিপাড়া) গ্রামের মৃত রইছ উদ্দিন ঘুঘুর ছেলে ও স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার। অপরজন লুৎফর রহমান (৪৫) পূর্ব চন্ডিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, 'রাতেই অভিযান চালিয়ে দুই লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।' পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, 'সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুততার সঙ্গে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।'
দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ ওঠে। হামলায় একটি মাদরাসার সুপার ও দুই শিক্ষক নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution