
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের চাপায় সদীপ চন্দ্র দাস (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। শনিবার বিকেলে রৌমারী-ঢাকা মহাসড়কের কাঠালবাড়ি নামক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সদীপ চন্দ্র দাস উপজেলা সদর ইউনিয়নের নমদাস পাড়া এলাকার মৃত লালু রাম দাসের ছেলে ও আহতরা হলেন একই ইউনিয়নের নমদাস পাড়া এলাকার তারাপদ দাসের ছেলে দরবারু চন্দ্র দাস ( (১৬), সবুজ পাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে মারিয়া (২০), বাদশা আলমের মেয়ে আয়শা সিদ্দিকা (৮) ও একই উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রাম এলাকার মৃত বেলাত হোসেনের ছেলে অটোচালক আমিনুল ইসলাম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে রৌমারী সদর বাজারের উদ্দেশ্যে অটোযোগে আসছিলেন যুবক সদীপরা। রৌমারী-ঢাকা মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকায় পৌঁছালে সামন দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টর অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সদীপ নামের এক যুবক। আহত হয় অটোচালক আমিনুল ইসলাম, দরবারু চন্দ্র দাস, মারিয়া, শিশু আয়শা সিদ্দিকা। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। এ সময় আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে বলেন কর্তব্যরত চিকিৎসকদের।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন অটোচালকসহ চারজন। তাদের মধ্যে মারিয়ার অবস্থা গুরুতর।
রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution